
published : ১৮ এপ্রিল ২০১৩
কোয়ান্টাম পরিবারের সদস্যদের জন্যে এবার বাংলা ১৪২০ বর্ষবরণে ছিল এক ভিন্ন মাত্রা। নববর্ষের প্রভাতেই পান্তাপিয়ার মেনু দিয়ে বৈশাখ উদযাপনের ঘোষণা দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের গুরুজী শহীদ আল বোখারি মহাজাতক। এসময় ঢাকায় চলছিল কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের ৩য় দিনের ক্লাস। দুপুরে কোয়ান্টিয়াররা সবাই মিলে উপভোগ করেন এই পান্তাপিয়ার রেসিপি—পানিভাত, আস্ত একটি তেলাপিয়া ভাজা, ভাজা আলুকুচি, মরিচ আর পেঁয়াজ।
প্রস্তুতির অভাবে অবশ্য বৃহত্তর কোয়ান্টাম পরিবারের সবাই ঐদিনই পান্তাপিয়া দিয়ে বৈশাখী আয়োজনে শামিল হতে না পারলেও পরদিন বা তারপরে অনেকেই খেয়েছেন এই নতুন মেনু। তারা সবাই খুবই উচ্ছ্বসিত। শুধু কোয়ান্টাম সদস্যরাই নন, যারাই শুনেছেন তারাই উৎসাহিত হয়েছেন বৈশাখের এ নতুন মেনুতে। বলছেন দুর্মূল্যের এ বাজারে তেলাপিয়ার মতো সুলভ মাছ দিয়ে যে এমন সুস্বাদু খাবারের ব্যবস্থা করা যায়, তা ধারণাতেই ছিল না। আগামী বছর খুব ভালোভাবে এর চর্চা করবেন বললেন সেকথা।