দুধের সাথে এই ৭টি খাবার ভুলেও খাবেন না; বিষক্রিয়া হতে পারে

published : ২১ মে ২০২৬

পুষ্টিগুণের কারণে 'সুপারফুড' দুধকে বলা হয় ‘সম্পূর্ণ’ খাদ্য। কিন্তু আয়ুর্বেদ এবং আধুনিক পুষ্টিবিজ্ঞানমতে, এই দুধ থেকেই ঘটতে পারে বদহজম, অ্যালার্জি এমনকি বিষক্রিয়ার মতো সমস্যা যদি বিশেষ কিছু খাবারের সাথে একত্রে খান। 

আসুন জানি এমন ৭ খাবার সম্পর্কে যা দুধের সাথে খেতে মানা-

১. কলা

‘দুধকলা দিয়ে কালসাপ পোষা’ বাগধারাটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হলেও কলা দিয়ে দুধভাত অনেকেরই প্রিয়। ব্যানানা শেকও রয়েছে কারো কারো পছন্দের তালিকায়। 

কিন্তু আপনি কি জানেন, আয়ুর্বেদ এই দুটোকে একসাথে খেতে নিষেধ করে? 

কারণ যাদের হজমশক্তি দুর্বল তারা দুধকলা খেলে হজমের সমস্যায় ভুগতে পারেন। যার প্রভাবে হতে পারে ব্লোটিং ও এসিডিটি।

২. আনারস 

অনেকেই বিশ্বাস করেন আনারস আর দুধ একসাথে খেলে মানুষ মারা যায়! এটা একটি বহুল প্রচলিত কুসংস্কার। তাই বলে এই দুটো কিন্তু একসাথে খেতে যাবেন না। কারণ আনারসের সাইট্রিক অ্যাসিড ও ব্রোমেলেইন (bromelain) নামক এনজাইম দুধের ‘কেসিন’ নামক প্রোটিনকে জমাট বাঁধিয়ে ফেলে। যার ফলে হজমে অস্বস্তি, পেটে গ্যাস, বমি ভাব বা ডায়রিয়া হতে পারে।

শুধু আনারসই না, প্রচুর সাইট্রিক অ্যাসিড থাকে বলে কমলা, লেবু, আঙ্গুর ইত্যাদি কোনো টক ফলই দুধের সাথে খাওয়া যাবে না।  

৩. মাছ-মাংস 

দুধ এবং মাছ-মাংস সবই হাই-প্রোটিন খাবার। পুষ্টিবিদদের মতে, এই দুটি ভিন্নধর্মী প্রোটিন একসাথে হজম করা পাকস্থলীর জন্যে বেশ কঠিন। 

যদিও সব ক্ষেত্রে বিষক্রিয়া হয় না, তবে সংবেদনশীল পাকস্থলীতে সমস্যা হতে পারে। যার মধ্যে রয়েছে- বমি, পেট ব্যথা ও এলার্জি। 

৪. তরমুজ

আয়ুর্বেদ দুধ ও তরমুজকে একসাথে খেতে নিষেধ করছে মূলত হজমের সমস্যার কারণে। 

তরমুজের প্রায় ৯০ ভাগই পানি। ফলে তা দ্রুত হজম হয়। অন্যদিকে, প্রোটিন ও ফ্যাট থাকায় দুধ হজম হয় ধীরে। দুটো একত্রে খেলে দুধের কারণে তরমুজ দীর্ঘক্ষণ পাকস্থলিতে থেকে পরিপাকতন্ত্রে ফার্মেন্টেশন বা গাঁজন সৃষ্টি করে। পরিণামে দেখা দেয় গ্যাস, অম্বল বা পেট ফাঁপা ও বদহজম। 

৫. টক দই

টকদই দুধ থেকে প্রস্তুত হলেও এই দুটো একসাথে খাওয়া যাবে না। কারণ টকদই ফার্মেন্টেড খাবার হওয়ায় দ্রুত হজম হয়। কিন্তু গড়বর বাধে যখন এর সাথে দুধ যুক্ত হয়ে হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। এর ফলে এসিডিটি, পেটে অস্বস্তি, অম্বল হতে পারেন।

৬. লবণাক্ত খাবার

চিপস, নোনতা বিস্কুট, ভাজাপোড়া অর্থাৎ বেশি লবণ আছে এমন খাবার এবং দুধ একসাথে খেলে লবণের সোডিয়াম দুধের খনিজের সাথে প্রতিক্রিয়া করে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট করতে পারে। যা দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করে কিডনির ওপর।

৭. ডাল 

একসাথে খেলে দুধের প্রোটিন এবং ডালের ফাইবার হজমে সমস্যা সৃষ্টি করে। ফলে পেটে গ্যাস, পেট ফাঁপা এবং দীর্ঘমেয়াদে কোষ্ঠকাঠিন্যে দেখা দিতে পারে। 

তাই অসুস্থ হতে না চাইলে দুধের সাথে এই ৭ খাবার খাওয়া বর্জন করুন। মনে রাখবেন খাবারের সঠিক কম্বিনেশনই সুস্থতার চাবিকাঠি।