শিশুসন্তান ‘কেভ সিন্ড্রোম’-এ আক্রান্ত কিনা বুঝবেন কীভাবে? প্রতিকারে কী করবেন?

published : ২৩ জুলাই ২০২৬

বিকেলবেলা আপনার সন্তানকে আপনি কীভাবে দেখতে বেশি পছন্দ করেন? বন্ধুদের ডাকে সাড়া দিয়ে বাইরে ছুটে যাবে, খেলাধুলা করবে- নাকি ঘরের কোণে মুখ গুঁজে স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকবে?

উত্তর যদি দ্বিতীয় অপশনটি হয় তাহলে আপনাকে ভাবতে হবে এখন থেকেই! 

বর্তমানে অনেক বাবা-মা মনে করেন, সন্তানের হাতে একটা স্মার্টফোন দিলেই শান্তি! সন্তান চুপচাপ থাকবে, কান্না থামবে, খাইয়ে দেয়াটা সহজ হবে। কিন্তু আপনি কি জানেন, আপনার এই কাজটি তাকে কোথায় নিয়ে যাচ্ছে? নিজের অজান্তেই এক গভীর গুহায় তাকে আপনি ঠেলে দিচ্ছেন, যাকে গবেষকরা বলছেন কেভ (Cave) সিন্ড্রোম! 

কেভ সিন্ড্রোম কী? 

দীর্ঘদিন ঘরের চার দেয়ালের সুরক্ষিত আবহে থেকে বাইরের জগতের প্রতি এক ধরনের ভয়, অস্বস্তি এবং অনিহা তৈরি হওয়াকেই 'কেভ সিন্ড্রোম' বলে। এটি কোনো মানসিক রোগ নয়, বরং তীব্র মনস্তাত্ত্বিক আচরণগত পরিবর্তন।  

একটা গুহায় আটকা পড়লে বাইরের দুনিয়ার সাথে যেভাবে যোগাযোগ করা যায় না, স্ক্রিনাসক্ত শিশুরাও একইরকমভাবে আটকা পড়েছে মনের গহীন গুহায়!      

ফলে তারা অল্পতে রেগে যাচ্ছে, অস্থির হচ্ছে, মনোযোগ কমছে, পড়াশোনায় আগ্রহ থাকছে না। বাস্তব সামাজিক যোগাযোগে চরম অনীহা। স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও থাকতে চায় না।   

শিশুরা যেভাবে এই ফাঁদে পড়ছে

Developmental Psychology বলে-শিশুর শেখার বড় অংশই হলো পরিবেশ। অর্থাৎ যা দেখে শোনে বলে- তা থেকেই তার বাস্তবতা তৈরি হয়। 

কেভ সিন্ড্রোমে আক্রান্ত শিশুরা মনে করে- স্ক্রিন থেকে বেরোনো মানেই অনিরাপদ ও অনিশ্চয়তার ব্যাপার। স্ক্রিন ছাড়া যে সময়টা সে কাটায় তখন কে কী বলবে, কী করবে, কোথায় যাবে একটা পর্যায়ে এসব কিছুই সে আর নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না। 

স্ক্রিনে সবকিছুই নিয়ন্ত্রণযোগ্য। শিশু চাইলে পজ করতে পারে, এক্সিট করতে পারে, আবার শুরুও করতে পারে। আর এই নিয়ন্ত্রণের অনুভূতিটাই শিশুকে বাস্তব সামাজিক পরিবেশের চেয়ে স্ক্রিনের দিকে বেশি টেনে নেয়। ফলে বার বার সে একই কার্টুন দেখতে চায় বা স্ক্রলিংয়ের ফাঁদে পড়ে যায়।

গবেষণা ফলাফল 

টেক্সাস ইউনিভার্সিটির শিশু বিকাশ গবেষকদের মতে এবং Journal of Behavioral Addictions-এ প্রকাশিত বিভিন্ন মনস্তাত্ত্বিক রিভিউ অনুযায়ী, যেসব শিশু দিনে ৪ ঘণ্টার বেশি সময় স্ক্রিনে কাটায়, তাদের মধ্যে বাস্তব জগতের প্রতি আকর্ষণ প্রায় ৬০% কমে যায়। ভার্চুয়াল জগতের কৃত্রিম আনন্দ এবং ডোপামিন হরমোনের ক্ষরণ তাদের বাস্তবের মুখোমুখি হতে ভয় ধরায়। 

অথচ দেখুন, বাস্তবতায় শিশুরা খেলতে খেলতে শেখে- কীভাবে কথা বলতে হয়, কীভাবে ঝগড়া মেটাতে হয়, কীভাবে বন্ধুত্ব করতে হয়। সামাজিক যোগাযোগ বন্ধ হয়ে গেলে শিশুর এই দক্ষতাগুলোও ধীরে ধীরে কমতে থাকে।

কীভাবে বুঝবেন আপনার সন্তান কেভ সিন্ড্রোমে আক্রান্ত?

শিশুর আচরণে নিম্নোক্ত ৪টি পরিবর্তন দেখলেই সতর্ক হতে হবে।  

লক্ষণপ্রকাশ ভঙ্গিমা
বাইরে যেতে তীব্র অনিহাস্কুল, পার্ক বা বিভিন্ন প্রোগ্রামে আত্মীয়ের বাসায় না যেতে কান্নাকাটি করা। 
শারীরিক উপসর্গবাইরে যাওয়ার কথা শুনলেই পেট ব্যথা, মাথা ব্যথা বা বমি বমি ভাব।
অসামাজিক আচরণঘরে কোনো অতিথি আসলে চোখ ফিরিয়ে নেয়া, কথা না বলা এবং নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখা।
অতিরিক্ত খিটখিটে মেজাজগ্যাজেট কেড়ে নিলে বা বাইরে যাওয়ার প্রসঙ্গ এলেই আক্রমণাত্মক হয়ে ওঠা। 

অনেক বাবা-মা, অভিভাবক ভাবেন, ও তেমন কিছু না! বড় হলে ঠিক হয়ে যাবে! কিন্তু বিষয়টা এত সহজ না। শিশু সন্তানকে এই সিন্ড্রোম থেকে বের না করলে পরবর্তীতে আরও ভোগান্তিতে পড়তে পারেন। 

শিশুসন্তানকে এই অদৃশ্য গুহা থেকে আলোতে ফেরাতে কিছু করণীয়

‘কেভ সিন্ড্রোম' থেকে রাতারাতি কাউকে বের করে আনা সম্ভব নয়। প্রয়োজন ধৈর্য ও সঠিক কৌশল।  

ঘাবড়াবেন না। সন্তানকে ধমক দিয়ে, মারধর বা শাসন করে না, মমতা দিয়ে তাকে বাস্তবে ফিরিয়ে আনতে হবে।

১. ছোট ছোট পদক্ষেপে শুরু করুন

শুরুতেই তাকে জনাকীর্ণ জায়গায় নিয়ে যাবেন না। প্রথমে বাসার ছাদে, তারপর বাড়ির নিচে ১০ মিনিট হাঁটা। এরপর আস্তে আস্তে কোনো বন্ধুর বাসায় নিয়ে যান।

২. বাইরের জগতকে আকর্ষণীয় করুন

শিশুকে বোঝান বাইরের পৃথিবীটা ভয়ের নয়, আনন্দের। তাকে সাথে নিয়ে খোলা জায়গায় যান, পার্কে বা মাঠে বাদাম খেতে যান, সাইকেল চালানো শেখান কিংবা প্রজাপতি ধরার মতো ছোট ছোট খেলায় মেতে উঠুন।

৩. ‘ডিজিটাল ডিটক্স’ করুন 

আস্তে আস্তে স্ক্রিন টাইম কমিয়ে আনুন। The British Journal of Psychiatry এর পরিবেশগত মনস্তত্ত্ব সংক্রান্ত গবেষণা অনুযায়ী, প্রতিদিন অন্তত ১ ঘণ্টা প্রকৃতির সংস্পর্শে বা খোলা বাতাসে থাকলে শিশুদের এংজাইটি, স্ট্রেস এবং চার দেয়ালের বন্দিত্বজনিত উদ্বেগ প্রায় ৩০% কমে যায়। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় 'Green Therapy' বা প্রাকৃতিক নিরাময়।

৪. জোর জবরদস্তি নয়, সমমর্মী হোন 

সন্তানকে ‘ভীতু’ ‘গাধা’ বা ‘অসামাজিক’ লেবেল দেবেন না। তার ভয়টাকে স্বীকৃতি দিন। তাকে বলুন, “আমি জানি তোমার ভয় করছে, কিন্তু আমি তোমার সাথেই আছি। কিচ্ছু হবে না!” 

৫. শিশু সাদাকায়নে নিয়ে যান

প্রতি শুক্রবার কোয়ান্টামের কিছু শাখা/সেন্টারে অনুষ্ঠিত হয় শিশু সাদাকায়ন। ৪-১০ বছর বয়সীদের জন্যে এতে অংশ নেয়ার সুযোগ রয়েছে। এখানে আরো অনেক শিশুর সাথে হেসেখেলে সময় কাটালে আস্তে আস্তে তার বাইরের পরিবেশ নিয়ে ভয়টা কেটে যাবে।  

পাখির ছানাকে যেমন আকাশে ওড়ার জন্যে বাসা থেকে আলতো করে ধাক্কা দিতে হয়, শিশুসন্তানকেও এই কৃত্রিম 'গুহা' থেকে বের করে আনা জরুরি। চার দেয়ালের বন্দিত্ব সাময়িক আরাম দিতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রকৃতির খোলা হাওয়া আর বাস্তব সামাজিক যোগাযোগের কোনো বিকল্প নেই।  

পরম মমতায় সন্তানের হাতটা ধরে বাইরে নিয়ে আসুন, তাকে দেখান- বাইরের পৃথিবী কতটা সুন্দর!