পেট ফিট তো মাথা ফিট! পেট ভালো রাখবেন কীভাবে? ৪টি টিপস

published : ১৯ নভেম্বর ২০২৬

ইদানিং কি প্রায়ই আপনার মন খারাপ থাকছে? ঘুমে গোলমাল, মেজাজ সারাক্ষণ খিটখিটে? সমস্যাটা হয়তো আপনার মাথায় নয়, আপনার পেটে! 

অবাক হলেন? হবারই কথা! কারণ এতকাল আমরা জেনে এসেছি, আনন্দবর্ধক হরমোন ‘সেরোটনিন’ নিঃসৃত হয় ব্রেনে। কিন্তু বিজ্ঞান এখন কী বলছে জানেন? সেরোটনিনের ৭০%-ই নাকি উৎপন্ন হয় পরিপাকতন্ত্রে! পর্যাপ্ত সেরোটনিন উৎপন্ন হলে আপনার মনে আনন্দ থাকবে, না হলে ভুগবেন উদ্বেগ-বিষণ্ণতায়। যা প্রভাব ফেলবে মানসিক স্বাস্থ্য, ঘুম, মেজাজ- সবক্ষেত্রে। তাই দেহমন ভালো রাখতে হলে পেট ভালো আপনাকে রাখতেই হবে। 

কিন্তু পেট ভালো থাকবে কখন? 

যখন আপনার পেটের প্রো-বায়োটিক্স, মানে উপকারী ব্যাকটেরিয়ারা ভালো থাকবে। কারণ এরা হজমের জন্যে প্রয়োজনীয় এনজাইম, ভিটামিন B1 B2 B5 B7 K, ফলিক এসিড এবং Anti-inflammatory agent তৈরি করে। 

আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এই এন্টি-ইনফ্ল্যামেটরী এজেন্ট। ফলে আমরা থাকি সুস্থ ও নীরোগ। 

মিলিয়ন ডলার কোয়েশ্চেন হলো, উপকারী ব্যাকটেরিয়াকে ভালো রাখার উপায় কী? 

চলুন জেনে নিই ৪টি উপায়

১. প্রো-বায়োটিক ফুড

যেসব খাবারে প্রাকৃতিকভাবেই উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে বলা হয় প্রো-বায়োটিক ফুড। যেমন- ইয়োগার্ট বা টক দই। এতে আছে ২৫০ প্রজাতির ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus) ব্যাকটেরিয়া। 

উপকারী ব্যাকটেরিয়া থাকে পনীর, ঘোল বা মাঠা, ফার্মেন্টেড সয়া দুধ, ফার্মেন্টেড বাধাকপি ইত্যাদিতেও। পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে প্রতিদিনই নিয়ম করে এসব খাবার খেতে হবে। 

ডায়রিয়া হলে বা পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক সেবন করলে পরিপাকতন্ত্রের উপকারী অণুজীবের সংখ্যা অনেকাংশে হ্রাস পায়। তাই এসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রো-বায়োটিক খাবার খান। 

২. প্রি-বায়োটিক ফুড

ভাবছেন, পেটে উপকারী ব্যাকটেরিয়া তো পাঠালাম, এবার নিশ্চিন্ত! 

না, আরেকটু কাজ আছে- তাদের জন্যে খাবার পাঠাতে হবে, যাতে তারা পুষ্ট থাকে। এই খাবারকে বলে প্রি-বায়োটিক ফুড। 

যেমন- আপেল, কলা, টমেটো, ওটস, বার্লি, রসুন, পেঁয়াজ, সয়াবিন, গম, সামুদ্রিক শৈবাল, তিসি, বীজ ও বিন, মটরশুঁটি এবং সবুজ শাক সবজি। প্রো-বায়োটিকের পাশাপাশি প্রতিদিনই পর্যাপ্ত খান এসব খাবার।

৩. বর্জন করুন ফাস্ট ফুড, জাংকফুড 

এসব খেলে মানুষ মুটিয়ে যায় কেন জানেন? কারণটা কিন্তু অতিরিক্ত ক্যালরি নয়!

তাহলে?

উত্তরের খোঁজে লন্ডন কিংস কলেজের জেনেটিক এপিডেমিওলজির অধ্যাপক টিম স্পেকটর চালিয়েছিলেন এক মজার গবেষণা। 

নিজ সন্তান টমকে তিনি টানা ১০ দিন খেতে দেন শুধু চিকেন নাগেট, ফ্রাইস, বার্গার ও কোকাকোলা। এরপর টেস্টে দেখা গেল, মাত্র এই ক’দিনেই তার পরিপাকতন্ত্রের ৩,৫০০ প্রজাতির ব্যাকটেরিয়ার মধ্যে ১,৩০০ প্রজাতিই মরে গেছে! যার মধ্যে ছিল Firmicutes (ফার্মিকিউটিজ) প্রজাতির ব্যাকটেরিয়া। ক্যালরি পোড়াতে সহায়তা করে এরা। এদের সংখ্যা কমে যাওয়ার পরিণতি মেদস্থূলতা। আর মেদস্থূলতার পরিণতি তো জানেনই- ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগের মতো প্রাণঘাতী রোগ।        

এছাড়া, অতিরিক্ত গ্যাস্টিকের ওষুধ সেবন করলেও উপকারী ব্যাকটেরিয়া মরে যায়। তাই ফাস্টফুড জাংকফুড ও গ্যাস্ট্রিকের ওষুধ যথাসম্ভব বর্জন করুন।  

৪. স্ট্রেসমুক্ত হোন

হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী Enteric Nervous System ভেগাস নার্ভের মাধ্যমে ব্রেনের সাথে যোগাযোগ করতে পারে। আমরা যখন মানসিক চাপ বা উদ্বেগে ভুগি, তখন ব্রেনে নিঃসৃত ক্ষতিকর হরমোন এই নার্ভের মাধ্যমে পৌঁছে যায় পরিপাকতন্ত্রে। যা পরিপাক নালীর মধ্য দিয়ে খাবার চলাচলকে অনেক দ্রুত অথবা অনেক ধীর করে দেয়। ফলে ১ম ক্ষেত্রে ডায়রিয়া এবং ২য় ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আর কোষ্ঠকাঠিন্যের পরিণাম পাইলস, অ্যানাল ফিশার, রেকটাল প্রল্যাপস ইত্যাদি যন্ত্রণাদায়ক রোগ।

এছাড়া, পাকস্থলীর ব্যাকটেরিয়ার ভারসাম্যকেও ব্যাহত করে স্ট্রেস। 

তাই পেট তথা পুরো দেহকে সুস্থ রাখতে মুক্ত থাকতে হবে স্ট্রেস-অ্যাংজাইটি থেকে। এরজন্যে চিকিৎসাবিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন রিলাক্সেশন, মাইন্ডফুলনেস ও ব্রিদিং এক্সারসাইজের। মানে মেডিটেশন ও দমচর্চার। 

সুস্থ থাকার মূলমন্ত্র

তাই সুস্থ থাকতে চাইলে মনে রাখুন এই ৩ মন্ত্রঃ

১. ক্ষতিকর খাবার বর্জন
২. সঠিক খাবার গ্রহণ
৩. দু'বেলা মেডিটেশন

এই তিনের সম্মিলিত শক্তিতে পেট থাকবে ফিট, আর পেট ফিট তো শরীর-মন দুই-ই ফিট!